স্ট্রেচারে মাঠ ছাড়ার পর হাসপাতালে সাদমান, শঙ্কায় বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। আঘাত এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে, নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। ফলে চলমান টেস্টে তার ব্যাট করা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ঘটে ঘটনাটি। মেহেদী হাসান মিরাজের করা প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে যেতে থাকা বল আটকাতে ছুটে যান সাদমান। তবে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করতে গিয়ে ঘাসে আটকে যায় তার বাঁ পায়ের গোড়ালি। ভারসাম্য হারিয়ে পা মচকে মাটিতে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় ছটফট করতে থাকেন বাংলাদেশের এই ওপেনার। সতীর্থরা ছুটে আসার পর মাঠে প্রবেশ করেন দলের চিকিৎসাকর্মীরা। প্রাথমিক চিকিৎসার সময় তার জুতা খুলে দেওয়া হলেও ব্যথা কমেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
প্রথমে ড্রেসিংরুমে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাদমানকে। তবে পায়ের ব্যথা ও ফোলা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পায়ে ভর দিয়ে হাঁটতে পারছেন না তিনি। চলাফেরার জন্য হুইলচেয়ারের সহায়তাও নিতে হয়েছে।
হাসপাতালে এমআরআই পরীক্ষার মাধ্যমে চোটের প্রকৃত অবস্থা জানার কথা রয়েছে। তবে পরীক্ষার ফল না আসায় কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়।
সাদমানের চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতে পারে। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। এবার সিলেটেও ব্যাটিংয়ে তার ওপর বড় দায়িত্ব ছিল।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য শেষ টেস্ট জিতে সমতা ফেরানো। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাদমান ব্যাট করতে না পারলে আরও কঠিন হয়ে পড়তে পারে স্বাগতিকদের কাজ।

