ফের হ্যাকিংয়ের ভয়, বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকেরা

গত সপ্তাহে বাইন্যান্স জানিয়েছিল, সাইবার হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তারা ৬৩০ কোটি ডলারের বেশি তহবিল সংরক্ষণ করেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিটকয়েন ও ইথেরিয়ামের মতো দুই ডজনের বেশি প্রধান ক্রিপ্টোকারেন্সির অর্থ উত্তোলন আবার চালু হয়েছে। নিরাপত্তা যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে অন্য সেবাগুলোও চালু করা হবে।
এদিকে বাইন্যান্সে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ এখনো বিভিন্ন মাধ্যমে পাচার করা হচ্ছে বলে জানিয়েছেন ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের জ্যেষ্ঠ তদন্তকারী অ্যালেক্স জেব্রিক। চুরি হওয়া অর্থ উদ্ধারে তিনি প্রতিষ্ঠানটি ও বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করছেন।
বিবিসির টুডে প্রোগ্রামকে অ্যালেক্স জেব্রিক বলেন, ‘আমরা এখনো দেখছি, বেশ সক্রিয়ভাবে অর্থ পাচার করা হচ্ছে। হামলাকারীরা হাজার হাজার ঠিকানায় এসব অর্থ ভাগ করে পাঠাচ্ছে। হাজার হাজার জমার মাধ্যমে অর্থের উৎস আড়াল করার চেষ্টা চলছে।’

