ভুয়া লেখক, প্রকাশক, এআইয়ে লেখা বই—গ্রন্থাগার ঘিরে তোলপাড় তামিলনাড়ুতে

প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে সাত একর জমির ওপর নির্মিত সাততলা পেরিয়ার আরিভুলাগাম গ্রন্থাগার ও বিজ্ঞানকেন্দ্রটি গত ১৬ অক্টোবর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগের ডিএমকে সরকারের আমলে প্রকল্পটির কাজ শুরু হলেও বর্তমান টিভিকে সরকারের আমলে তা সম্পন্ন হয়।
মুরুগান নিজেও আগের ডিএমকে সরকারের গঠিত বই সুপারিশ কমিটির সদস্য ছিলেন। তবে বিতর্কিত বইগুলো ওই কমিটির সুপারিশে কেনা হয়েছিল, নাকি কমিটির অজ্ঞাতে সংগ্রহ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তিনি বইগুলো গ্রন্থাগার থেকে সরিয়ে ক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনীতির ঊর্ধ্বে উঠে তদন্তের দাবি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বিজয় এ ঘটনায় ডিএমকেকে ‘দুর্নীতির উৎস’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। অন্যদিকে ডিএমকের দাবি, বিতর্কিত বইগুলোতে জুন মাসের তারিখের সিল রয়েছে, অথচ অন্য বইগুলোতে মার্চের সিল। অর্থাৎ সরকার পরিবর্তনের পরও বই কেনা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও রাজ্যসভার সদস্য কমল হাসান। তিনি বলেন, তামিল ভাষার জন্য এর চেয়ে বড় লজ্জা আর হতে পারে না। ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বইগুলো সরিয়ে ফেলা এবং সংশ্লিষ্ট প্রকাশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে টিভিকের মিত্র কংগ্রেস নেতা মানিকম ঠাকুর শুধু পেরিয়ার গ্রন্থাগার নয়, ডিএমকে সরকারের আমলে রাজ্যের সব গ্রন্থাগারের জন্য কেনা বইয়ের পূর্ণাঙ্গ নিরীক্ষা ও তদন্তের দাবি জানিয়েছেন।

