ভারতে সিইসির পদত্যাগ দাবিতে বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা আজ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে রোববার (১ নভেম্বর) দিল্লিতে শুরু হচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ পদযাত্রা। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করেছে বিরোধী দলগুলো।
দুপুর ১২টায় দিল্লির মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। পরে তা রামলীলা ময়দানে গিয়ে শেষ হবে। সেখানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বড় সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে দিল্লির সমাবেশে অংশগ্রহণকারীদের উৎসবের কেনাকাটা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে করার আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘প্রতিবাদ করুন, পদযাত্রায় অংশ নিন এবং স্থানীয় দোকান থেকে কেনাকাটা করুন।’ এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করার আহ্বান জানান তিনি।
সমাবেশ ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাহুল গান্ধী ইনস্টাগ্রামে পদযাত্রার ঘোষণা দেওয়ার পর পুলিশ জানিয়েছে, কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইন্ডিয়া ব্লকের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ লাখ মানুষ সমাবেশে অংশ নিতে পারেন। তবে পুলিশ রামলীলা ময়দানের ধারণক্ষমতা অনুযায়ী প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা করেছে। ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ এলে তাদের আশপাশের সড়কে আটকে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ ও পথ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। রাজঘাট, দিল্লি গেট, আইটিও এ-পয়েন্ট ও নেতাজি সুভাষ মার্গের টি-পয়েন্টসহ মোট ১০টি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

