এবার ইসরায়েল থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

এর আগে সোমবার বোমা হামলার হুমকির কারণে লন্ডন থেকে সোফিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইট বুদাপেস্টে ঘুরিয়ে নেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক যন্ত্র পাওয়া যায়নি। এরপর বিমানটি আবার বুলগেরিয়ার উদ্দেশে যাত্রা করে।
গত ১৮ অক্টোবরও বোমা হামলার হুমকির কারণে তেল আবিব থেকে ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট সোফিয়ায় অবতরণ করে। এ সময় বুলগেরিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। নিরাপত্তা তল্লাশিতে কোনো হুমকি পাওয়া না যাওয়ায় পরে বিমানটি ভিয়েনার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।
এ ছাড়াও মঙ্গলবার লন্ডন থেকে ছেড়ে আসা পোল্যান্ডগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর ১৮১ জন যাত্রী নিয়ে বিমানটি ওয়ারশর শোপেন আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে মডলিন বিমানবন্দরে অবতরণ করে। নিরাপত্তার কারণে পোল্যান্ডের সবচেয়ে ব্যস্ততম শোপেন বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি সকাল ৬টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ওয়ারশর শোপেন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। তবে ‘বিমানে বিস্ফোরক ডিভাইস থাকার তথ্যের কারণে’ সকাল ৯টা ৫৪ মিনিটে ফ্লাইটটির রুট পরিবর্তন করা হয় বলে বিবৃতিতে জানিয়েছে মডলিন বিমানবন্দর কর্তৃপক্ষ।

