ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

এর আগে নর্থ ক্যারোলিনাতেও সিনেটের একটি আসন হারায় রিপাবলিকানরা। সেখানে জনপ্রিয় সাবেক গভর্নর রয় কুপার ট্রাম্পের মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। অন্যদিকে, জর্জিয়ায় দলের উদীয়মান নেতা জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছেন ক্রিস পাপাস। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়েছেন।
প্রতিনিধি পরিষদের ফলাফলও রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের চিত্র স্পষ্ট করেছে। সাধারণত রিপাবলিকানদের শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত বিভিন্ন অঞ্চলেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ইন্ডিয়ানায় রিপাবলিকান কংগ্রেসওম্যান ভিক্টোরিয়া স্পার্টজকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জেডি ফোর্ড। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আসনে ১৭ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। ফলে সেখানে ডেমোক্র্যাটদের জয়কে রাজনৈতিক বিশ্লেষকেরা সম্ভাব্য ‘ব্লু ওয়েভ’ বা ডেমোক্র্যাটদের ব্যাপক নির্বাচনী সাফল্যের প্রাথমিক সংকেত হিসেবে দেখছেন।
এ ছাড়া নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানদের দখলে থাকা প্রতিনিধি পরিষদের আরেকটি আসন নিজেদের করে নিয়েছে ডেমোক্র্যাটরা। ফ্লোরিডার ফলাফলও ইঙ্গিত দিয়েছে, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে রিপাবলিকানরা যে বাড়তি আসন পাওয়ার প্রত্যাশা করেছিল, তা পূরণ হচ্ছে না।
জর্জিয়ায় গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন আটলান্টার সাবেক ডেমোক্র্যাট মেয়র কেইশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গভর্নর নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী। তাঁর জয়ের মধ্য দিয়ে জর্জিয়ায় রিপাবলিকানদের টানা ২৪ বছরের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

