স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ

দুর্ঘটনার জন্য চালকের ভুলকে দায়ী করার ইঙ্গিত দেওয়ায় পুয়েন্তের সমালোচনাও করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, নিজের ব্যর্থতা থেকে দৃষ্টি সরাতেই তিনি মানবিক ভুলের প্রসঙ্গ সামনে এনেছিলেন।
অনেক পর্যবেক্ষকের ধারণা, এই দুর্ঘটনা সমাজতন্ত্রী নেতৃত্বাধীন সরকারের জন্য নির্বাচনে বড় ধরনের ধাক্কা হয়ে উঠবে। এর ফলে জনমত জরিপের ফল উপেক্ষা করে সানচেজের নির্বাচনে জয়ের সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে।
পুয়েন্তে ও প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি ছিল বেশ কঠিন। দুর্ঘটনার পর পদত্যাগ না করলে সেটিকে ভুক্তভোগীদের প্রতি অসংবেদনশীলতা হিসেবে দেখা হতে পারত। আবার পদত্যাগ করলে তা তাঁর নিজের এবং সরকারের দায় স্বীকারের ইঙ্গিত দিতে পারত। শেষ পর্যন্ত দ্বিতীয় পথটিই বেছে নেন পুয়েন্তে। তিনি বলেন, ‘রাজনৈতিক মর্যাদাবোধ’ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রী সানচেজ তাঁর সহকর্মীর প্রশংসা করে বলেন, ‘পুয়েন্তে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, জবাব ও সমাধান দিয়েছেন এবং এরপর সরে দাঁড়িয়েছেন। মর্যাদার খাতিরে। নিজের সিদ্ধান্তে। নিহত ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে।’

