এআইয়ের কারণে ১২০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ক্যানভার

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে বড় ছাঁটাইয়ের পথে হাঁটছে অনলাইন গ্রাফিকস প্ল্যাটফর্ম ক্যানভা। এ প্রক্রিয়ায় ২২ শতাংশ অর্থাৎ ১ হাজার ২০০ জনের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটি।
বুধবার (৪ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানান ক্যানভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেলানি পারকিন্স। খরব বিবিসির।
অস্ট্রেলিয়ার অন্যতম পরিচিত স্টার্টআপটির এই সহ-প্রতিষ্ঠাতা জানান, প্রতিষ্ঠানের এক-পঞ্চমাংশের বেশি কর্মীকে হয় ছাঁটাই করা হবে, নয়তো কোম্পানিতে তাদের দায়িত্ব ও পদ পরিবর্তন করা হবে। প্রতিষ্ঠানটির ১৩ বছরের ইতিহাসে এটি ‘নিঃসন্দেহে সবচেয়ে কঠিন মুহূর্ত’।
পারকিন্স স্বীকার করেছেন যে, নতুন প্রযুক্তির উত্থানের কারণে কোম্পানির প্রবৃদ্ধির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন বছর।
পারকিন্স এক বিবৃতিতে এই বড় পরিবর্তনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহূর্ত। প্রতিটি সিদ্ধান্তের পেছনে এমন কেউ আছেন, যাকে আমরা গভীরভাবে ভালোবাসি। আমি জানি, এর পরিণতি সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য খুবই বাস্তব হবে।’
তিনি আরও বলেন, ‘এর ফলে ক্ষতিগ্রস্ত সবার যে কষ্ট ও অসুবিধা হবে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। যদিও এই খবর মেনে নেওয়া কোনোভাবেই সহজ নয়, তবু ক্ষতিগ্রস্ত প্রত্যেককে সহায়তা করতে আমরা সাধ্যমতো সবকিছু করব।’
ক্যানভায় যারা চাকরি ধরে রাখতে পারবেন, তাদের আরও বেশি সময় অফিসে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে প্রতিষ্ঠিত এই সংস্থাটি পরে বিশ্বজুড়ে ৩৭টি স্থানে কার্যক্রম সম্প্রসারণ করে। বর্তমানে সিডনির কার্যালয়কে প্রতিষ্ঠানের সদর দপ্তর হিসেবে নির্ধারণ করা হয়েছে। পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন বিভাগ একীভূত করার পরিকল্পনাও রয়েছে।

