ইউরোপজুড়ে অন্তত ২৫ যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

বুলগেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, তিনটি যাত্রীবাহী উড়োজাহাজকে যুদ্ধবিমান দিয়ে নিরাপদে অবতরণে সহায়তা করা হয়েছে। কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের দুটি ফ্লাইট নির্ধারিত সময়েই অবতরণ করে। তবে লন্ডন থেকে সোফিয়াগামী একটি ফ্লাইটকে প্লোভদিভ শহরে পাঠানো হয়।
স্পেনের গার্ডিয়া সিভিল জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার পর ২০ মিনিটের কম সময়ে তিনটি ই-মেইলে বোমা হামলার হুমকি আসে। এতে মাদ্রিদ থেকে প্যারিসগামী এয়ার ইউরোপার দুটি এবং রোম ও মিলান থেকে আসা আইবেরিয়ার চারটি ফ্লাইটের কথা উল্লেখ করা হয়। এর ফলে কয়েকটি উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করা হয় এবং যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়।
চেক প্রজাতন্ত্রের প্রাগে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও গ্রিস থেকে আসা ইজিজেটের চারটি ফ্লাইট হুমকি পাওয়ার পরও নিরাপদে অবতরণ করে। চেক পুলিশ জানিয়েছে, হুমকিগুলোর বিশ্বাসযোগ্যতা কম বলে তারা মনে করেছে।

