মহেশপুরে পারিবারিক কলহে জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছেন গোলাম রহমান নামের এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, নিজের শ্বশুর তরিকুল ইসলামের কুড়ালের আঘাতেই প্রাণ হারিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করেছে।
নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান গোলাম রহমান। তবে বেশ কিছুদিন ধরেই শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ ও মনোমালিন্য চলছিল। সেই টানাপোড়েনের জেরে মঙ্গলবার ভোরে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে জামাই গোলাম রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
গোলাম রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে মহেশপুর থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে রক্তমাখা কুড়ালসহ গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে নিহতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

