চুয়াডাঙ্গায় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পরিকল্পনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ১৯৮০-১৯৮১ এসএসসি ব্যাচের বন্ধু সংগঠন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন’-এর পরিকল্পনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গার হোটেল পিয়ারের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দার। সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল পারিবারিক বনভোজন, ভ্রমণ, ইফতার মাহফিল, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতামূলক ভূমিকা পালন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এমএইচ রশীদ পলাশের সঞ্চালনায় সভায় সাংগঠনিক কাঠামো আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৮০-১৯৮১ সালে এসএসসি পাস করা যেকোনো ব্যক্তিকে সংগঠনের সদস্যপদ দেয়ার প্রস্তাব করা হয়। এ ছাড়া সংগঠনের পরিচালনা কমিটির দায়িত্বশীল পদে থেকেও কার্যক্রম ও কর্মসূচিতে অংশগ্রহণ না করায় সংশ্লিষ্ট পদগুলোতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সহসাধারণ সম্পাদক পদে তৌফিকুল ইসলাম তপুর স্থলে মো. আজাদ হোসেন মালিক এবং নির্বাহী সদস্য পদে ডা. আশরাফুল হক শিমুলের স্থলে মো. আতিকুর রহমান আতিককে দায়িত্ব দেয়া হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরিশেষে সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দার উপস্থিত সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

