স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে ইশরাককে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রশাসনিক ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে বয়ে বেড়াতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন, অথচ মাঠপর্যায়ে তাঁর নিজের দলের নেতাকর্মীরাই বিভিন্ন জায়গায় হামলা ও নির্যাতনের মুখে পড়ছেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক ভূমিকা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন। মাদক নির্মূলের একটি ভালো উদ্দেশ্য নিয়েই তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করবেন আর তার পাপের ভোগান্তি পোহাতে হবে আরেকজনকে—এটা মেনে নেওয়া যায় না। পুরো ঘটনাটি মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর অদক্ষতা ও ব্যর্থতারই ফল।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও বাস্তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিতে নেই। বিগত তিন-চার মাসে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনার দিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওই ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের ভেতর তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের ক্ষোভ ও মানসিক যন্ত্রণার দিকটি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

