ঢাবিতে হলের ক্যানটিনে খেতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

এ ঘটনায় জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় জানান, হলের সিট না থাকলেও অর্ণব সাহা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে লুকিয়ে হলে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় ক্যানটিনে তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।
সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও অর্ণবের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এই ছাত্রদল নেতা।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে। হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, তা প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আটক অর্ণব সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

