তাহসিফ সৌরির মৃত্যু: দীপের কথা এলোমেলো বান্ধবীকে ঘিরে রহস্য

তবে জিজ্ঞাসাবাদে জেরিকা তাসনিম দিশা নামের এক তরুণীর বিষয়ে তথ্য দিয়েছেন দীপ। বলা হচ্ছে, তিনি তাহসিফের বান্ধবী। ঘটনার দিন তাহসিফের সঙ্গে উত্তরার একটি বারে ঢুকতে ও বের হতে দেখা গেছে ওই তরুণীকে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এসব জানার পর গত শনিবার রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার তাঁকে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং উত্তরার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে দিশাকে নিয়ে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তাহসিফ। ওই সন্ধ্যায় তাঁরা সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও খাবার খান। সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও দিশাকে দেখা গেছে।
কর্মকর্তারা বলছেন, তাহসিফের মোবাইল ফোনের কল লিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে। এখন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যার স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

