মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এই ঘটনা ঘটে।
এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। হোসেন মিয়া কাজির দিঘীর পাড় বাজারে দরজির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ফার্মেসির ব্যবসা করেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিবে, দিচ্ছে বলে ১৩ দিন ধরে আর দেয়নি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান। এ সময় শাকিল হোসেন মোটরসাইকেলটি দেওয়া নিয়ে তালবাহনা শুরু করেন।

