সপ্তাহের ব্যবধানে আদার দাম বাড়ল, কাঁচা মরিচের বড় দরপতন

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সপ্তাহের ব্যবধানে মিশ্র মূল্যপ্রবণতা লক্ষ্য করা গেছে। কিছু পণ্যের দাম সামান্য বাড়লেও বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। বাজারদরের এই তারতম্যে সবচেয়ে বেশি বেড়েছে দেশি আদার দাম, অন্যদিকে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের ঝাঁজ।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৫৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে আদার দাম প্রায় ৫ টাকা বেড়েছে।
এর বিপরীতে কাঁচা মরিচের দামে বড় পতন দেখা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০ থেকে ১৬০ টাকায় নেমেছে।
এ ছাড়া দেশি পেঁয়াজ ও বেগুনের দামেও স্বস্তি মিলেছে। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও এখন তা ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বেগুনের দাম কেজিতে ৭০ থেকে ১২০ টাকার পরিবর্তে কমে ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাল ও সয়াবিন তেলের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। বাজারে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৯ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে চড়া ভাব অব্যাহত
সবজি ও কয়েকটি নিত্যপণ্যের দাম কমলেও মাছের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মহাখালী কাঁচাবাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৬০ টাকা, চাষের কই ২২০ টাকা এবং পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সিলভার কার্প ২৮০ থেকে ৩৫০ টাকা, মিরর কার্প ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মাঝারি আকারের পাবদা মাছ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

