সরকারি গাছ শ্রমিক লীগ নেতার করাতকলে, যুবদল নেতা বহিষ্কার

স্থানীয় বাসিন্দারা জানান, অক্টোবরের শুরুতে সড়ক সংস্কারের কথা বলে প্রথমে ১০ থেকে ১৫টি গাছ কাটা হয়। পরে গত সপ্তাহ থেকে চার শতাধিক গাছ কেটে রায়চাঁদ বাজারে ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিনের করাতকলে নেওয়া হয়। সেখানে মেহগনি, রেইনট্রি ও চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির গাছের স্তূপ দেখা গেছে। পাশের বাগান ও বিলের মধ্যেও গাছের গুঁড়ি মজুত রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কাটা গাছের একটি বড় অংশ ওই করাতকল ও আশপাশের বাগানে রাখা হয়েছে। জসিম উদ্দিনের কাছ থেকে মনির নামের এক ব্যক্তি এসব গাছ কিনে রেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে করাতকলের মালিক তালা লাগিয়ে আত্মগোপনে চলে যান।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, গাছ কাটার অভিযোগের ভিত্তিতে গত বুধবার (২৮ অক্টোবর) তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছগুলো কোন দপ্তরের এবং কারা কাটার সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে। পুলিশও বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন জসিম উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগামীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। সে কারণে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

