মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালেন ফিলিপস

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালেন ফিলিপস

এই ইনিংসেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ফিলিপস। পাঁচ ম্যাচের সিরিজে তার মোট রান দাঁড়িয়েছে ৩৪১। এর আগে পুরুষদের দ্বিপক্ষীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ফিল সল্টের। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচে এই রান করেছিলেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজে একটি শতক ও তিনটি অর্ধশতক করেছেন ফিলিপস। প্রথম ম্যাচে অপরাজিত ৮২, দ্বিতীয় ম্যাচে ৭০ এবং চতুর্থ ম্যাচে ১০৭ রানের পর শেষ ম্যাচেও ফিফটি করেন তিনি। তাতে সল্টকে ছাড়িয়ে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের নতুন কীর্তি গড়েছেন কিউই তারকা।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছিল ভারত। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান করে ফেরেন অভিষেক শর্মা। চতুর্থ ওভারে সঞ্জু স্যামসনও আউট হলে ১৯ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দুই ওপেনারকেই ফেরান অ্যাডাম মিলনে।

সেখান থেকে ভারতকে উদ্ধার করেন ইশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে মাত্র ৪৩ বলে ৯৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তাঁরা।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩২ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৬১ রান করেন কিশান। অন্যদিকে মাত্র ২৩ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫০ রান আসে আইয়ারের ব্যাট থেকে। দুজনই অর্ধশতক তুলে নেওয়ার পর দ্রুত সাজঘরে ফেরেন।

দলীয় ১১২ রানে কিশানকে ফেরান ব্লেয়ার টিকনার। এরপর ১২৩ রানে আইয়ারকে আউট করেন নাথান স্মিথ। একই বোলারের বলে ৬ রান করে ফেরেন তিলক বর্মাও। ১৩৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ভারত।

শেষদিকে নামান ধীর ও নীতিশ কুমার রেড্ডির ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। ২৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেন ধীর। আর ১৭ বলে ২২ রান করেন রেড্ডি।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মিলনে। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই পেসার। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার নিয়েছেন দুটি করে উইকেট।

প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল ভারত। তবে শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সামনে অসহায় দেখা গেছে সফরকারীদের বোলারদের। ফলে সিরিজের ট্রফি নিয়ে ফিরলেও টানা দুই পরাজয়ে টি-টোয়েন্টি পর্ব শেষ করতে হল শ্রেয়াস আইয়ারের দলকে। অন্যদিকে ফিলিপসের বিশ্বরেকর্ড ও সাইফার্টের বিধ্বংসী ইনিংসে জয় দিয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...