রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হারানো ৫১৭টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
হারানো ৫১৭টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, মান্দা উপজেলার রঘুনাথপুর এলাকার আরিফ হোসেনের বাড়িতে মাদকের বড় চালান রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ আরিফ হোসেনকে (৩০) আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে মোশাররফকে (৩৩) আটক করা হয় এবং তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর মহাদেবপুর ও বদলগাছী থানা এলাকায় ধারাবাহিক অভিযানে শিলং (২৩) ও আরাফাতকে (২৩) গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পুলিশ চার অভিযানে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করে।

পুলিশ আরও জানায়, গত ২৬ নভেম্বর বাহাদুর নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন যে, মধু বিক্রির কথা বলে প্রতারক চক্র নওগাঁ শহরের গোস্তহাটি থেকে তার একমাত্র আয়ের উৎস ভ্যানটি ভাড়া নেয়। এরপর চালককে কৌশলে সরিয়ে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় নাটোর থেকে চোরাই ভ্যানসহ চোর চক্রের মূলহোতা মো. সালাম (৪৮) ও তার ছেলে মো. নয়নকে গ্রেপ্তার করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...