টাকা নিয়ে বিরোধে ঢাকায় খুন ঝিনুক, ড্রামে ভরে মরদেহ ফেলা হয় শেরপুরে: পিবিআই

পিবিআই সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকার কুড়েমনি খালের একটি ব্রিজের নিচে ভাসমান প্লাস্টিকের ড্রাম থেকে ঝিনুক আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার শাকিল মিয়ার মেয়ে। এ ঘটনায় ঝিনুকের ফুফু শিরিনা আক্তার বাদী হয়ে তাঁর স্বামী মো. সাইফুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে। তদন্তে বেরিয়ে আসে, হত্যাকাণ্ডের আগের দিন ২১ অক্টোবর ঝিনুককে ঢাকার দক্ষিণখান এলাকার আব্দুস সাত্তারের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে যান ফাতেমাসহ চারজন। সেখানে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ফাতেমা ধারালো অস্ত্র দিয়ে ঝিনুককে আঘাত করেন। পরে অন্য আসামিরা তাঁর গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে পিবিআইয়ের দাবি।

