সাজেকে দ্বিতীয় দিনের মতো জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ প্রসীত গ্রুপ) মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধি জানান, রোববার দুপুর সোয়া ৩টার দিকে ওই দুর্গম পাহাড়ি এলাকায় দু পক্ষের মধ্যে নতুন করে গোলাগুলি শুরু হয়।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা এশিয়া পোস্টকে বলেন, দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল সোয়া ৩টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম এবং আশেপাশে কোনো বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

