ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপণ করা শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। জমি দখলের উদ্দেশ্যে তিনি ও তার লোকজন এসব গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন গাছ রোপণকারী মো. আব্দুর রশিদ খাঁন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
সোমবার ( ২ নভেম্বর ) সকালে আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরাতন লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন মো. আব্দুর রশিদ খাঁন। প্রায় ২৬ বছর আগে, ২০০০ সালে তিনি ওই জমিতে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ রোপণ করেন। গাছগুলো বড় হয়ে ফল দিতে শুরু করেছিল। সোমবার সকালে ওই জমির সব গাছ কেটে ফেলা হয়।

