তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর পরিচালক হিসেবে তাঁদের শিক্ষকদের মধ্যে থেকে নিয়োগের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় নতুন প্রশাসনিক ভবনের ভেতরে সিন্ডিকেট সভা চলছিল। সিন্ডিকেট সভা শেষে উপাচার্য বের হয়ে দেখেন ভবনের প্রধান ফটকে তালা দেওয়া।
পরে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্যসহ অন্যদের বের করে আনেন।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটে যোগ্য শিক্ষক থাকার পরও অন্য বিভাগ থেকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ নিয়োগ প্রত্যাহার করে তাঁদের বিভাগের শিক্ষকদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এর মধ্যে উপাচার্য তাঁদের দাবি না শুনে ছাত্রদল ডেকে এনে পরিস্থিতি ঘোলাটে করেছেন।

