জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীকে গলা কেটে হত্যা

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের পুরান সড়কে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
নিহত রুস্তম আলী দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাছন আলীর ছেলে। আর অভিযুক্ত বিল্লাল একই গ্রামের মরহম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুস্তম আলী ও অভিযুক্ত বিল্লাল মিয়া পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্ব পরিকল্পিতভাবে আজ সকালে বাজারে যাওয়ার পথে বিল্লালের বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা বিল্লাল ধারালো দা দিয়ে রুস্তম আলীর গলা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে।

