শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জাঙ্গোর মা কি বাংলাদেশি? নিজেই জানালেন ক্যারিবীয় ব্যাটার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
জাঙ্গোর মা কি বাংলাদেশি? নিজেই জানালেন ক্যারিবীয় ব্যাটার

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন জাঙ্গো। সেখানে তার পারিবারিক পরিচয় নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে জানতে চাওয়া হয়।

বাংলাদেশের সঙ্গে তার মায়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জাঙ্গো বলেন, ‘একদমই না। খবরটি পুরোপুরি ভিত্তিহীন। আমরা ত্রিনিদাদিয়ান।’

এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি সরাসরি নাকচ করলেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ত্রিনিদাদ ও টোবাগোর সেন্ট জেমসে জন্ম জাঙ্গোর। ক্যারিবীয় অঞ্চলের ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

এদিকে মাঠেও বাংলাদেশের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন জাঙ্গো। সিলেট টেস্টের প্রথম দিন মাত্র ২৭ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অভিষিক্ত কেভিন উইকহ্যামকে সঙ্গে নিয়ে দলের ইনিংস মেরামত করেন তিনি। চতুর্থ উইকেটে দুজনের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

উইকহ্যাম ৬১ রানে ফিরে যাওয়ার পর জাস্টিন গ্রিভসের সঙ্গেও ১০৬ রানের জুটি গড়েন জাঙ্গো। প্রথম দিন অপরাজিত ১১১ রান করা এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় দিনে নিজের ইনিংসকে আরও বড় করেন। শেষ পর্যন্ত ২১২ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ১৩৩ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন তিনি।

জাঙ্গোর ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এত রান করেও পুরোপুরি সন্তুষ্ট নন ক্যারিবীয় এই ব্যাটার। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল চারশর বেশি রান করা।

জাঙ্গো বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ৪০০ রানের বেশি করা। সেদিক থেকে আমরা কিছুটা হতাশ। তবে বাংলাদেশ সত্যিই চমৎকার বোলিং করেছে। আমরা জানতাম, দ্বিতীয় দিনের নতুন বল আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত ইনিংসটা খুব বেশি দূর টেনে নিতে পারিনি। তারপরও ৩৫০-এর বেশি রান করতে পেরে খুশি। এখন আগামীকালের দিকে তাকিয়ে আছি।’

বাংলাদেশের প্রথম ইনিংসেও শুরুটা ভালো হয়নি। মাত্র ৫১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে।

বাংলাদেশকে কত রানের মধ্যে আটকে দিতে চান, এমন প্রশ্নে জাঙ্গো বলেন, ‘আমি বলব ২৫০ রানের নিচে আটকাতে চাই। তবে উইকেট ধীরে ধীরে ব্যাটিংবান্ধব হয়ে উঠছে। আগামীকাল আমাদের জন্য কাজটা সহজ হবে না। ক্রিকেটে যেকোনো কিছু ঘটতে পারে।’

বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখতে বোলারদের ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন তিনি। তার মতে, অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে লাইন ও লেংথ হারালে দ্রুত রান তোলার সুযোগ পেতে পারে স্বাগতিকরা।

এদিকে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। মুশফিকুর রহিম ১৯ ও তাওহিদ হৃদয় ২৯ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে এখনো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...