হৃদয়ের এ কেমন ব্যাটিং

মুশফিকুর রহিমের চোটে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন তাওহীদ হৃদয়। ক্রাম্পের শিকার হয়ে গতকাল মাঠ ছাড়ার আগে ভালোই ব্যাটিং করেছেন তিনি। কিন্তু আজ যা করলেন, সেটা হতাশ করেছে সবাইকে।
দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রান করে ফেরেন সাদমান ইসলাম। এরপর ক্রিজে আসেন হৃদয়। ৪২ রানে ব্যাট করতে নামা এই ব্যাটার আজ আর কোনো রান যোগ করতে পারেননি। সবচেয়ে বেশি অবাক করেছে তাঁর আউট হওয়ার ধরণ।
৭৯তম ওভারের প্রথম বলটা একটু জোরে সোজা স্টাম্প বরাবর করেছিলেন জশুয়া বিশপ। হৃদয় পা না সরিয়েই সর্বশক্তি দিয়ে ব্যাট চালান। কিন্তু ভুল লাইনে ব্যাট চালানোয় বলের নাগালই পাননি। বল গিয়ে সরাসরি মিডল ও লেগ স্টাম্পের গোড়ায় আঘাত হানে। ৪২ রানেই শেষ হয় হৃদয়ের সম্ভাবনাময় ইনিংস।
খেলাধুলা থেকে আরও পড়ুন

