মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের, মাউশির জরুরি নির্দেশনানিষিদ্ধ পদার্থ সেবনের শাস্তি পেলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটারএকটি বেল্টেই বদলে যেতে পারে লুকবে টার্মিনালে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের পিএসএমাদারীপুরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে অব্যাহতি১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়নশ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার৪০০ কোটির সিনেমা ‘কিং’, মুক্তির আগেই আয় ৬৬৫ কোটি রুপিপাবনায় ছাত্রীনিবাস থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারযুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের বদলে চ্যাম্পিয়ন্স লিগ চান কেইন

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ব্যালন ডি’অরের বদলে চ্যাম্পিয়ন্স লিগ চান কেইন

ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন মাত্র এক সপ্তাহ আগে। কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে জিতেছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর। অথচ সেই পুরস্কারের চেয়েও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাকে বেশি গুরুত্ব দিচ্ছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার জানিয়েছেন, দুটির মধ্যে একটি বেছে নিতে হলে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিই চাইবেন তিনি। একই সঙ্গে স্পেনের লা লিগায় খেলার অপূর্ণ ইচ্ছার কথাও জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। স্পেনের রাজধানী মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (৪ নভেম্বর) ভোর ২টায়। এই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন কেইন।

গত ২৬ অক্টোবর লন্ডনে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে প্রথমবারের মতো বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পান কেইন। দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। তার অসাধারণ নৈপুণ্যে বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জেতে বায়ার্ন।

এত বড় ব্যক্তিগত অর্জনের পরও কেইনের চোখ এখন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব শিরোপায়। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ব্যালন ডি’অরের বিনিময়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ পেলে সেটি গ্রহণ করবেন কি না।

জবাবে কেইন বলেন, ‘আমি সব সময় বলেছি, দলীয় শিরোপা জেতার জন্যই আমরা ফুটবল খেলি। আমাদের খেলায় দলের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ব্যালন ডি’অর জয়ের অনুভূতিও অবশ্য তার কাছে বিশেষ কিছু। ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘গত সপ্তাহে ব্যালন ডি’অর জয় আমার জীবন ও ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি ছিল। ব্যক্তিগতভাবে সেটি ছিল অসাধারণ একটি সন্ধ্যা।’

তবে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে সতীর্থদের সঙ্গে সাফল্য উদ্‌যাপনের আনন্দকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। কেইনের মতে, বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে সতীর্থদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরার অনুভূতি হবে অবিশ্বাস্য।

দুটি অর্জনের মধ্যে কোনটি বেছে নেবেন, সেই প্রশ্নের সরাসরি উত্তরও দিয়েছেন কেইন। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগকেই বেছে নেব। তবে এখন আমি এমন অবস্থানে আছি, যেখানে দুটিই জেতার সুযোগ রয়েছে। দেখা যাক কী হয়।’

কেইনের এমন মন্তব্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের এক অপূর্ণতা। ব্যক্তিগতভাবে ফুটবলের সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করলেও এখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তিনি। ২০১৯ সালে টটেনহামের হয়ে ফাইনালে উঠেছিলেন। কিন্তু মাদ্রিদের এই মেত্রোপলিতানো স্টেডিয়ামেই লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে শিরোপাস্বপ্ন ভেঙেছিল তার।

সাত বছর পর আবার সেই মাঠে ফিরছেন কেইন। এবারের প্রত্যাবর্তন তার জন্য আরও বিশেষ। কারণ, আগামী বছরের ৫ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও অনুষ্ঠিত হবে এই মেত্রোপলিতানো স্টেডিয়ামে। অর্থাৎ বায়ার্নকে ফাইনালে তুলতে পারলে একই মাঠে পুরোনো হতাশা ঘোচানোর সুযোগ পাবেন ইংলিশ তারকা।

সেই স্মৃতি নিয়ে কেইন বলেন, ‘এখন পর্যন্ত এই স্টেডিয়ামের স্মৃতি আমার জন্য খুব একটা সুখকর নয়। তবে এখানে ফিরতে পেরে ভালো লাগছে। আশা করি, আগামীকাল ভালো একটি স্মৃতি তৈরি করতে পারব।’

শুধু বায়ার্নের হয়ে নয়, আগামী সপ্তাহে ইংল্যান্ডের জার্সিতেও এই মাঠে স্পেনের বিপক্ষে খেলবেন কেইন। তার আশা, মৌসুমের শেষেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে এখানে ফিরতে পারবেন এবং ২০১৯ সালের তিক্ত অভিজ্ঞতা বদলে দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন কেইন। বিশেষ করে ছোটবেলায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ তাকে মুগ্ধ করেছিল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই মহাতারকাকে দেখে বেড়ে ওঠার অভিজ্ঞতা এখনো মনে রেখেছেন তিনি।

স্প্যানিশ ফুটবল নিয়ে কেইন বলেন, ‘বেড়ে ওঠার সময় স্পেনের জাতীয় দল আমাকে সব সময় মুগ্ধ করত। তারা ইউরো ও বিশ্বকাপ জিতেছে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে মেসি, রোনালদোর মতো অসাধারণ ফুটবলারদের খেলাও দেখেছি। স্প্যানিশ ফুটবল সব সময়ই অনেক উঁচু মানের।’

তবে এত ভালোবাসা থাকার পরও কখনো লা লিগায় খেলার সুযোগ হয়নি কেইনের। ক্যারিয়ারের বড় একটি সময় কাটিয়েছেন টটেনহামে। এরপর ২০২৩ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে।

স্পেনে খেলার অপূর্ণ ইচ্ছা নিয়ে কেইন বলেন, ‘সুযোগটা আসলে কখনো সেভাবে আসেনি। সঠিক সময়ে সুযোগ পেলে লা লিগায় খেলা এবং সেখানকার সেরা ফুটবলারদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা অসাধারণ ব্যাপার হতো।’

তবে স্পেনে খেলার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান ক্লাব ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। বরং বায়ার্নে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন কেইন। তার মতে, প্রত্যেকের ক্যারিয়ার ভিন্ন পথে এগোয় এবং বায়ার্নে আসার সিদ্ধান্ত নিয়ে তিনি অত্যন্ত খুশি।

জার্মান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়েও আলোচনা চলছে তার। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও সেটি বাড়ানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সংবাদ সম্মেলনে কেইন জানিয়েছেন, বড় বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে। এখন কেবল কিছু আনুষ্ঠানিক ও আইনি বিষয় চূড়ান্ত করা বাকি। তার আশা, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এদিকে আতলেটিকোর বিপক্ষে ম্যাচের আগে কেইনের প্রশংসা করেছেন প্রতিপক্ষ কোচ দিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন এই কোচের মতে, কেইন অসাধারণ একজন ফুটবলার এবং ব্যালন ডি’অরের যোগ্য বিজয়ী। শুধু গোল করার দক্ষতাই নয়, দলের প্রয়োজনে তার পরিশ্রম ও দায়িত্বশীলতারও প্রশংসা করেছেন সিমিওনে।

সেই প্রশংসায় কৃতজ্ঞতা জানিয়ে কেইনও সিমিওনেকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে উল্লেখ করেছেন। তবে মাঠে যে কঠিন লড়াই অপেক্ষা করছে, সেটিও জানেন বায়ার্নের এই তারকা।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে পাচ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে বায়ার্ন। প্রথম ম্যাচে বোদো/গ্লিমটকে হারানোর পর ভাইকিং ও আর্সেনালের বিপক্ষে ড্র করেছে জার্মান ক্লাবটি। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আতলেতিকো। দুই দলেরই লক্ষ্য সরাসরি শেষ ষোলোয় ওঠার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...