ডায়াবেটিসে আক্রান্ত ৪৫ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছেন

বিশ্বজুড়েই ডায়াবেটিস ও বিষণ্নতা জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এ দুটি সমস্যার পারস্পরিক সম্পর্ক উদ্বেগজনক। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আনুমানিক দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ১৩ দশমিক ২ শতাংশ। আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত ৩০ থেকে ৪৫ শতাংশ মানুষের মধ্যে বিষণ্নতার উপসর্গ রয়েছে। দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতার সঙ্গে বিষণ্নতা যুক্ত হলে রোগীর দৈনন্দিন জীবনযাপন, চিকিৎসা অনুসরণ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে মানসিক চাপ ও বিষণ্নতার ঝুঁকিও বাড়তে পারে। ফলে শারীরিক ও মানসিক—উভয় স্বাস্থ্যের অবনতির আশঙ্কা তৈরি হয়।

