জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট এবং জাপানের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ১৫ বারের নির্বাচিত সদস্য তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের জাতীয় সংসদ ভবনে তারো আসোর নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় দুই দশক পর তাদের এই পুনর্মিলন ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) কার্যক্রমের সূত্রে তাদের পরিচয় তিন দশকেরও বেশি সময়ের। কে. এম. মোজিবুল হক তারো আসোকে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও অনুকরণীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মের জন্য তাকে অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেন। দীর্ঘদিন পর তার সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পেরে তিনি গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক খোঁজখবর ও কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

