এল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারি

বিশ্বজুড়ে আবহাওয়ার বিরূপ প্রভাব সৃষ্টিকারী এল নিনোর কারণে বন্যা ও খরার পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া। শনিবার (৩১ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এ ঘোষণা দেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাবে বলিভিয়ার বিভিন্ন অঞ্চলে একদিকে বন্যা, অন্যদিকে তীব্র খরা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি করতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জানান, জরুরি অবস্থার আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এল নিনোর প্রভাবে খরা ও বন্যা ভয়াবহ রূপ নিতে পারে। এ সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
চলতি সপ্তাহে প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার ৯টি প্রশাসনিক বিভাগের মধ্যে ছয়টিতে খরার কারণে প্রায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে দেশটিতে ৭৫ হাজারের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

