বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফরাসি ব্যাংকে এবার বড় সাইবার হামলা, ১৩৩ মিলিয়ন ডলার গায়েব

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
ফরাসি ব্যাংকে এবার বড় সাইবার হামলা, ১৩৩ মিলিয়ন ডলার গায়েব

ইউরোপজুড়ে সাইবার হামলার মধ্যে এবার আক্রান্ত হয়েছে ফ্রান্সের ব্যাংকিং ও বীমা গ্রুপ ক্রেডিট মুতুয়েল আরকেয়া। ব্যাংকটি থেকে ১৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চুরি করে নিয়ে গেছে হ্যাকাররা। একই সময়ে দেশটির ন্যাশনাল ব্লাড ব্যাংক ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের (ইএফএস) তিনটি কোল্ড-স্টোরেজ কেন্দ্রে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়, ক্রেডিট মুতুয়েল আরকেয়া একটি সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলার মাধ্যমে প্রতারণামূলক লেনদেন সম্পন্ন করা হয়েছে।

ব্লকচেইনবিষয়ক তদন্তকারী জ্যাকএক্সবিটি ১৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি অর্থ চুরির তথ্য প্রকাশ করেন। তার দাবি, চুরি করা অর্থের একটি অংশ ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার করা হয়েছে। এরপর ব্যাংকটি হামলার বিষয়টি নিশ্চিত করে।

তবে চুরি হওয়া অর্থের সুনির্দিষ্ট পরিমাণ জানায়নি প্রতিষ্ঠানটি। ব্যাংকটির দাবি, এ ঘটনায় গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হয়নি।

জ্যাকএক্সবিটির ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে চলা এই হামলায় অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে স্থানান্তর করা হয়। পরে সেগুলো ‘স্টেবলকয়েন’-এ রূপান্তর করা হয়েছে। স্টেবলকয়েন হলো এমন এক ধরনের ডিজিটাল সম্পদ, যার মূল্য মার্কিন ডলারের মতো প্রচলিত মুদ্রার সঙ্গে যুক্ত থাকে।

জ্যাকএক্সবিটি অভিযোগ করেন, কর্তৃপক্ষকে সতর্ক করতে দেরি হওয়ায় হ্যাকাররা ৩ কোটি ডলারের বেশি অর্থ পাচার করতে পেরেছে। তার মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে ইউরোপীয় কর্তৃপক্ষের পক্ষে ওই অর্থের একটি অংশ জব্দ করা সম্ভব হতে পারত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...