মুজিবনগরে জাতীয় যুব দিবস উদযাপিত: ঋণ ও সনদ বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে মেহেরপুরের মুজিবনগরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র হস্তান্তরের পাশাপাশি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রোববার (১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগরের উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মুন্সী ওমর ফারুক, সুশান্ত স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক সাফিয়া শারমিন এবং সমাজকর্মী ওয়াজেদ আলী খান।
যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ ও যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে একটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সেরও সূচনা করা হয়।

