মুজিবনগরে জাতীয় যুব দিবস পালিত: সনদ ও ঋণ বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য ধারণ করে মেহেরপুরের মুজিবনগরে সাড়ম্বরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি ঘিরে শোভাযাত্রা, আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ এবং ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ও মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মুন্সী ওমর ফারুক। এছাড়া সুশান্ত স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক সাফিয়া শারমিন এবং সমাজকর্মী ওয়াজেদ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে তরুণদের দক্ষ মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদপত্র ও যুব ঋণের চেক হস্তান্তর করেন অতিথিরা।

