ঢাকার বাতাস আজ যাদের জন্য অস্বাস্থ্যকর

বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সবশেষ বায়ুর মান সূচক অনুযায়ী শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ৯ম অবস্থানে রয়েছে বাংলাদেশের মেগাসিটি ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ১৪২, যা সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান স্কোর ওঠানামা করতে পারে।
তালিকায় ২২৮ স্কোর নিয়ে শীর্ষে ছিল সৌদি আরবের রিয়াদ। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৭২), তৃতীয় ইরাকের বাগদাদ (১৭১), চতুর্থ ভারতের মুম্বাই (১৬১) এবং পঞ্চম ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৯)।
অন্যদিকে, বাংলাদেশ ছাড়াও আরও ১১ দেশের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এগুলো হলো- কাজাখস্তানের আলমাতি, পাকিস্তানের করাচি, উজবেকিস্তানের তাসকান্ত, কঙ্গোর কিনসাসা, চীনের গুয়াংজু ও হাংজু, ভিয়েতনামের হেনোয় ও হো চি মিন সিটি, নেদারল্যান্ডসের রোটারদাম, কাতারের দোহা এবং কুয়েতের কুয়েত সিটি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে থাকে।

