বগুড়ায় ‘কোবরা বাহিনীর’ ৭ জন গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মারামারি, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে আটটিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোয়েন্দা শাখার কাছে সংবাদ আসে, ‘কোবরা বাহিনীর’ অন্যতম সদস্য রতন পাইকার তার সহযোগীদের নিয়ে বেজোড়া বাজার এলাকায় আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতনামা যুবককে আটক করে মারধর করছেন। এমন সংবাদে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ডিবি ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে ৮টিরও বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

