আর্থিক দুশ্চিন্তায় ৭২ শতাংশ কর্মীর উৎপাদনশীলতা কমেছে

গবেষণা বলছে, এআই কাজের চাপ কমাতে, উৎপাদনশীলতা বাড়াতে, মানসিক ক্লান্তি কমাতে এবং আরও অর্থবহ কাজে মনোযোগ দিতে সহায়তা করে। তবে কর্মক্ষেত্রে এআই ব্যবহারে উৎসাহ দেন বা প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন মাত্র ৫৮ শতাংশ নিয়োগদাতা। তাদের মধ্যে মাত্র ৩৭ শতাংশ মনে করেন, সহজেই এআই গ্রহণ করছেন কর্মীরা।
গবেষণায় আর্থিক দুশ্চিন্তার কারণে কাজের উৎপাদনশীলতা কমে যায় বলে জানিয়েছেন ৫৬ শতাংশ কর্মী (২০২৫ সালে)। আর ২০২৬ সালে এ হার বেড়ে হয়েছে ৭২ শতাংশ। কর্মীদের আর্থিক নিরাপত্তার দায়িত্ব নিয়োগদাতাদেরও রয়েছে বলে মনে করেন এমন কর্মীর হার ৬৯ শতাংশ থেকে বেড়ে ৮১ শতাংশ হয়েছে। অবসরজীবনের জন্য সঞ্চয়ে সহায়তা করাও নিয়োগদাতাদের দায়িত্ব বলে মনে করেন ৮৬ শতাংশ কর্মী। ২০২৫ সালে এ হার ছিল ৬৭ শতাংশ।
বড় ধরনের অপ্রত্যাশিত আর্থিক সংকট বা খরচের সময় নিয়োগদাতার সহায়তা প্রত্যাশা করেন ৭২ শতাংশ কর্মী। অন্যদিকে, চাকরি নিয়ে কর্মীদের সামগ্রিক সন্তুষ্টির হার ২০২৫ সালের ৭৮ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে হয়েছে ৮৩ শতাংশ। কর্মী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় বীমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার চাহিদাও বাড়ছে।

