সন্ত্রাসবিরোধী মামলায় ধামরাইয়ের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা আরিফ গ্রেপ্তার

ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে রোববার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, মামলার পর থেকেই সাবেক এই কাউন্সিলর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে দিন কাটাচ্ছিলেন। রোববার গোপন তথ্যের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। এরপর সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

