যবিপ্রবিতে সহপাঠীকে থাপ্পড়, অভিযুক্ত ছাত্র সাময়িক বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক ছাত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার নিত্যানন্দ পাল। তিনি জানান, ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত আদেশে বহিষ্কারের বিষয়টি অভিযুক্ত শিক্ষার্থীকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
বহিষ্কৃত তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ২ অক্টোবর শহীদ মসিয়ূর রহমান হল এলাকায় ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে আহত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশ অনুযায়ী গঠিত তদন্ত কমিটি ঘটনার তদন্তে তানভীরুলের বিরুদ্ধে জুয়েলকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তানভীরুলের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

