টেস্ট পরীক্ষায় বহিষ্কার, বিদ্যালয়ে বোমা বিস্ফোরণ

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় বহিষ্কারের জেরে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত এক শিক্ষার্থীকে ঘিরে অভিযোগ উঠেছে। তবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এখনো তদন্তাধীন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে এসএসসি নির্বাচনি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন। এসময় পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে তানজিন রহমান রিদু নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পর ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে ফিরে প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করেন। পরে সেগুলো বিস্ফোরিত হলে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত তানজিন রহমান রিদু ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মিন্টুর ছেলে।

