রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও এবং সোবহানবাগে দুটি পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণ দুটি ঘটে।
ঘটনার বিস্তারিত জানিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হননি।
আগারগাঁওয়ের ঘটনার বিষয়ে তিনি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে দ্বিতীয় ককটেল বিস্ফোরণটি ঘটে। সেখানেও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে দুর্ঘটনাস্থলটি কাফরুল থানা এলাকার অধীন হওয়ায় বিষয়টি তারাই তদন্ত করবে।

