চাঁদা চাইলেও দেননি, ৪ দিন পর দুই হাত কাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষক। বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন। এর চার দিন আগে তার কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল সন্ত্রাসী। তবে তিনি চাঁদা দেননি। এর মধ্যে আজ তার মরদেহ উদ্ধার করলো পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বাড়ি থেকে জমি পাহারা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পরিবার। নিহতের মরদেহের দুই হাত বিচ্ছিন্ন এবং গলায় রশি প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইসগেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী পারভিন আক্তার (৩৬) এবং তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, নেজাম দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও পশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। বাড়ি থেকে বেশ দূরের পাহাড়ি এলাকায় তিনি ধান চাষ করতেন। বন্য হাতির উপদ্রব থেকে ফসল রক্ষা করতে প্রায়ই রাতে জমি পাহারা দিতে যেতেন তিনি।
গত সোমবার রাত ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে ধানখেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন নেজাম। তবে সারারাত পেরিয়ে গেলেও সকালে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে চাষাবাদের জমি থেকে প্রায় ২০০ মিটার দূরে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

