জনবল সংকটে ৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জনবল সংকটে পাঁচ বছরের বেশি সময় ধরে চালু করা যায়নি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট। ছয় শয্যার এই ইউনিটের কোটি টাকার আধুনিক যন্ত্রপাতিগুলো বছরের পর বছর ব্যবহার না করায় অকেজো হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও তা বন্ধ থাকায় সেবা পাচ্ছেন না রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য হাসপাতালটিতে ২০২১ সালের ২৯ জুলাই স্থাপন করা হয়েছিল আইসিইউ ইউনিট। কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু আইসিইউতে রোগীদের সেবা দেওয়ার মতো বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সসহ সংশ্লিষ্ট অন্যান্য সহায়ক জনবলের সংকট রয়েছে। এর ফলে পাঁচ বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে আইসিইউ ইউনিটটি।

