দেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা রোববার দুপুরে বলেন, ‘প্রশাসনের নির্দেশনা অমান্য করে শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে সড়কের নিম্নমানের সামগ্রী না সরিয়ে এবং রোলিং না করে কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। তাৎক্ষণিক গ্রাম পুলিশের মাধ্যমে কাজ বন্ধ রেখেছি।’
অশোক বিক্রম চাকমা বলেন, গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে কার্পেটিং বন্ধ রেখে যথাযথ সরকারি প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে নতুন করে প্রাইম কোট প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ‘স্থানীয় কিছু অসাধু লোকের সহযোগিতায় তাঁরা এসব কাজ করতে পারে। তবে কাজের গুণগত মানের ক্ষেত্রে আমার কোনো ছাড় নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
সাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মোসলেম উদ্দিন ভূঁইয়া মানিক বলেন, ‘এ কাজটি করতে গিয়ে আমার অনেক লোকসান হয়েছে। সড়কের কিছু অংশ পুকুরপাড়ে ছিল। পুকুরপাড়ে গার্ডওয়াল দরপত্রে ধরা ছিল না। তাই সেই অংশে রোলিং করলে সড়কের অংশ পুকুরের দিকে দেবে যায়। কার্পেটিংয়ের জন্য তৈরি করা সামগ্রী নষ্ট হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতো। এ কারণে সড়কের কিছু অংশে রোলিং করে রাতে কার্পেটিংয়ের কাজ করছিলাম।’

