সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী হত্যা: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তারকে হত্যার মামলায় তাঁর ছেলে তাহসিন তারিক অর্ণবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় বাসার গৃহকর্মী নার্গিস বেগম সাক্ষী হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ অর্ণবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নার্গিস বেগমের জবানবন্দি গ্রহণ করেন।
অর্ণব ও নার্গিস বেগমকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অর্ণবকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পাশাপাশি সাক্ষী হিসেবে নার্গিস বেগমের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানান।
ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

