আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার: নাহিদ ইসলাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাই তিনি এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এসময় নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিসহ বর্তমান রাজনৈতিক নেতৃত্ব বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতির উন্নতি তো ঘটেইনি, বরং আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, বিএনপি দমনপীড়ন নীতি অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত আন্দোলনের সমাধান করা উচিত।
তিনি আরও বলেন, জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চেয়েছি আমরা। জ্বালানি খাতে ও মন্ত্রী তার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই সরকারকে আমরা লিখিতভাবে ১১ দলীয় জোট থেকে প্রস্তাবনা দিয়েছিলাম যেভাবে জ্বালানি খাতে উন্নতি করা যায়।

