সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আজ ব্যালন ডি’অর, বাংলাদেশ থেকে কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম
আজ ব্যালন ডি’অর, বাংলাদেশ থেকে কখন ও কোথায় দেখবেন

অপেক্ষার অবসান হতে আর কয়েক ঘণ্টা। আজই জানা যাবে, কে হচ্ছেন ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ী। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির লড়াইয়ে এবার আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে। তবে আটবারের বিজয়ী লিওনেল মেসিও রয়েছেন মনোনীতদের তালিকায়। এবারের আয়োজনের বিশেষত্ব, ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও ঘরে বসে বিনামূল্যে সরাসরি দেখতে পারবেন এই আয়োজন।

সোমবার (২৬ অক্টোবর) ইংল্যান্ডের লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ সময় অনুযায়ী সেটি মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ২টা। অনুষ্ঠান চলবে প্রায় দুই ঘণ্টা, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত।

অবশ্য মূল অনুষ্ঠানের আগেই শুরু হবে তারকাদের আগমন ও লালগালিচা পর্ব। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন, যা বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলবে লালগালিচা পর্ব। সেখানে মনোনীত ফুটবলারদের পাশাপাশি উপস্থিত থাকবেন ফুটবল বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা।

পুরস্কার বিতরণীর আগেই প্রকাশ করা শুরু হবে মনোনীত ফুটবলারদের অবস্থান। লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা, অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা থেকে পুরুষ ও নারীদের ব্যালন ডি’অরের ৩০তম থেকে ১১তম স্থানে থাকা ফুটবলারদের নাম প্রকাশের কথা জানিয়েছে আয়োজকেরা।

বাংলাদেশ থেকে ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ রয়েছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনে (DAZN)। আয়োজকদের সঙ্গে সম্প্রচার চুক্তি অনুযায়ী বিশ্বের প্রায় ২০০টি অঞ্চলে বিনামূল্যে অনুষ্ঠান দেখাবে প্রতিষ্ঠানটি। উয়েফার অফিশিয়াল সম্প্রচার তালিকা অনুযায়ী, বাংলাদেশের দর্শকেরাও এই সুবিধা পাবেন।

অনুষ্ঠান দেখতে দর্শকদের ডিএজেডএনের ওয়েবসাইটে (www.dazn.com) প্রবেশ করতে হবে অথবা স্মার্টফোনে প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করতে হবে। এরপর ই-মেইল ঠিকানা দিয়ে বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করে কিংবা আগে থেকে থাকা অ্যাকাউন্টে লগইন করে সরাসরি সম্প্রচার দেখা যাবে। ব্যালন ডি’অরের এই আয়োজন দেখতে আলাদা কোনো পেইড সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না।

উয়েফার প্রকাশিত আনুষ্ঠানিক সম্প্রচার তালিকায় বাংলাদেশের জন্য আলাদা কোনো টেলিভিশন চ্যানেলের নাম উল্লেখ করা হয়নি। ফলে দেশের দর্শকদের জন্য ডিএজেডএনই প্রধান অফিশিয়াল স্ট্রিমিং মাধ্যম। এ ছাড়া ব্যালন ডি’অরের নিজস্ব ওয়েবসাইট (ballondor.com) থেকে পুরস্কারজয়ীদের নাম, র‍্যাঙ্কিং ও অনুষ্ঠানসংক্রান্ত সর্বশেষ তথ্য সরাসরি অনুসরণ করা যাবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...