সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যুরিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখমপোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারেবাংলাদেশের বিপক্ষে ছয় পেসার নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিতডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহকেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম
ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ ও মুমিনুল হকের মতো জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফির প্রথম আসরেই শিরোপা জয়ের লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির। অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ ক্রিকেটারকে দলে ভিড়িয়ে তিন সংস্করণের প্রতিযোগিতার জন্য ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজানোর চেষ্টা করেছে তারা।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার পরিচালনায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করে। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে আরও ২২ জন করে ক্রিকেটার নিয়েছে দলগুলো। ফলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন।

ওয়ালটন আগেই আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছিল মেহেদী হাসান মিরাজকে। নিলামে তাদের সবচেয়ে বড় সংযোজন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে নিতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট ব্যয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো নিলামে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন তাসকিন। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।

তাসকিনের পাশাপাশি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও টেস্ট ব্যাটার মুমিনুল হককে দলে নিয়েছে ওয়ালটন। মুমিনুলকে পেতে তাদের ব্যয় হয়েছে ৮০ লাখ পয়েন্ট। এ ছাড়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে ৬২ লাখ, মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে তারা।

বোলিং বিভাগে তাসকিন ও নাসুমের সঙ্গে থাকছেন তরুণ পেসার ইকবাল হাসান ইমন ও রেজাউর রহমান রাজা। ইমনকে ৬৬ লাখ এবং রাজাকে ৩২ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন। এ ছাড়া অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহানকে ৩২ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে নিলামে ব্যয় করা এসব পয়েন্ট ক্রিকেটারদের প্রকৃত পারিশ্রমিক নয়। বিসিবির নির্ধারিত কাঠামো অনুযায়ী ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন। নিলামের পয়েন্ট ব্যবহার করা হয়েছে মূলত ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের জন্য।

ওয়ালটনের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। জানান, নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই ভালো ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়েছে।

নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শিরোপা জয়ের প্রত্যাশার কথাও জানান তিনি।

আমিন খান বলেন, ‘সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...