বাংলাদেশের সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

বলিউডের পর্দায় কখনো অমিতাভ বচ্চন, কখনো সালমান খান কিংবা আমির খানের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন আর ভয় ধরানো পর্দা উপস্থিতির কারণে নব্বইয়ের দশক থেকেই আলাদা জায়গা তৈরি করেছেন এই অভিনেতা। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় দেখা যাবে তাকে।
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। সিনেমাটির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই বলিউড অভিনেতার। শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন মুকেশ ঋষি। সিনেমাটিতে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য রয়েছে। সেগুলোর শুটিংয়েও অংশ নেবেন তিনি।
ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এবার দ্বিতীয় লটের কাজ শুরু করতে যাচ্ছে নির্মাতা ও তার টিম। এ প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’
খলনায়ক হিসেবে বলিউডে বিশেষ পরিচিতি থাকলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তবে দর্শকের কাছে তার অন্যতম আলোচিত চরিত্র ‘গুন্ডা’ সিনেমার বুল্লা। এই চরিত্রের সংলাপ ও অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।
বলিউডের পরিচিত এই খলনায়কের ঢাকাই সিনেমায় অভিষেক ঘিরে তাই ‘নসিব’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে সিনেমাটিতে তার অ্যাকশন দৃশ্যগুলো কেমন হয়, তা দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা।

