ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, গত জুনে বাইন্যান্সের ওয়ালেট উন্নয়ন দলের এক কর্মী একটি পরিবর্তিত এআই টুল নিজের কম্পিউটারে ডাউনলোড করেন। বিষয়টি শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি ওই কম্পিউটার পরিবর্তন এবং সংশ্লিষ্ট প্রবেশাধিকারসংক্রান্ত তথ্য (ক্রেডেনশিয়াল) হালনাগাদ করে। তবে ততক্ষণে ওই কর্মীসহ ওয়ালেট দলের অন্য সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে তথ্য পেয়ে যায় হ্যাকারেরা।
এরপর গত সেপ্টেম্বরে চাকরি খুঁজছিলেন এমন আরেক সফটওয়্যার প্রকৌশলী একটি ভুয়া চাকরির সাক্ষাৎকারে অংশ নেন। সাক্ষাৎকারটি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, তিনি একটি কাল্পনিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকও করেন। পরে ওই চাকরিপ্রার্থী নিজের কম্পিউটারে একটি ক্ষতিকর কোড রিপোজিটরি ডাউনলোড করেন। এর মাধ্যমে তাঁর কম্পিউটারেও অনুপ্রবেশের সুযোগ পায় হ্যাকারেরা।
এভাবে গত ২০ অক্টোবর আক্রান্ত কম্পিউটার এবং বাইন্যান্সের অভ্যন্তরীণ একটি এআই টুল ব্যবহার করে ওয়ালেট উন্নয়ন দলের একজন কর্মীর সিস্টেমের পাশাপাশি একই দলের আরেক কর্মীর সিস্টেমের নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা।
অবশেষে ২৯ অক্টোবর প্রথম কর্মীর চুরি করা প্রবেশাধিকারসংক্রান্ত তথ্য ব্যবহার করে দ্বিতীয় কর্মীর কম্পিউটারের মাধ্যমে একটি ক্ষতিকর স্ক্রিপ্ট চালু করা হয়। এর ফলে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ঘটে।
প্রতিবেদনে বাইন্যান্স বলেছে, ‘এ ধরনের ঘটনা কখনোই ঘটার কথা ছিল না। এই নিরাপত্তা লঙ্ঘনের কারণে আমাদের ব্যবহারকারী, অংশীদার এবং বৃহত্তর শিল্প খাতে যে উদ্বেগ, বিঘ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।’
এ ঘটনার পর এআইনির্ভর নিরাপত্তা পর্যবেক্ষণ ও হুমকি শনাক্তকরণে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নিরাপত্তা গবেষণার জন্য একটি তহবিল গঠন এবং শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে বিশেষ নিরাপত্তা উদ্যোগ নেওয়ার কাজও চলছে।

