নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আলোচনায় ইসরায়েলের বিরোধীরা

নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু বারবার ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়া নিয়ে তাঁর সমর্থকদের সতর্ক করেছিলেন। নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর সঙ্গে আরব দলগুলোর সহযোগিতার উদ্যোগ সামনে এসেছে।
নির্বাচনের দিন মঙ্গলবার নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আরব আইনপ্রণেতা আহমাদ তিবি এবং আরব অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। একটি পোস্টে তিনি এক্সে দক্ষিণ ইসরায়েলের প্রধানত আরব অধ্যুষিত শহর রাহাতের একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি দেখানো হয়েছে বলে দাবি করা একটি ছবি প্রকাশ করেন।
ছবিটির সঙ্গে নেতানিয়াহু লেখেন, ‘আজ রাহাতে যা ঘটছে, তা দেখুন। আপনারা ঘরে বসে থাকতে পারবেন না। অবিলম্বে বেরিয়ে আসুন এবং লিকুদকে ভোট দিন। আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়াই করছি।’
এদিকে ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান নতুন সরকার গঠনে বিরোধীদের উদ্যোগে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। গোলান বলেন, ‘আইনসম্মত প্রক্রিয়ায় নির্বাচিত নেসেটের প্রত্যেক সদস্যই আমাদের রাজনৈতিক ব্যবস্থার বৈধ অংশ।’
তবে উগ্র ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লাইবারম্যান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করেছেন। এর পরিবর্তে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে লিকুদ দলের ভেতরেই বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু জাতীয়তাবাদী শিবিরকে ধ্বংস করছেন। তাঁর ভাষায়, প্রধানমন্ত্রী আচরণ করেছেন ‘একটি অপরাধী সংগঠনের প্রধানের মতো।’

